যুক্তরাজ্যের লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের সবকটি বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে। পেন্টাগনের একজন কর্মকর্তা রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ওই ঘাঁটিকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনার খবর পাওয়ার এক সপ্তাহ পর এমন সামরিক সিদ্ধান্ত নেওয়া হলো। ঘাঁটিতে মোতায়েন থাকা প্রায় এক ডজন বোমারু বিমান বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রত্যাহারের কোনো কারণ স্পষ্ট করেনি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে গতকাল আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলোকে উড়ে যেতে দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে এই ঘাঁটি থেকে বি-১ এবং বি-৫২ বোমারু বিমান নিয়ে হামলা চালাচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ই-মেইলে জানিয়েছেন, নিরাপত্তা উদ্বেগের কারণে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও এখন বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে, ফেয়ারফোর্ডে থাকা মার্কিন বোমারু বিমানগুলো দেশে ফিরেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গত বুধবার জানিয়েছেন, ওই বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সম্পৃক্ততার শক্ত আলামত তাদের হাতে রয়েছে। ইরান অবশ্য এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরেই এই বিমান সরানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক যানবাহন ঘোরাফেরা করতে দেখলে কর্তৃপক্ষ সতর্ক হয়। এ ঘটনায় শুরুতে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা সবাই ব্রিটিশ নাগরিক। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার ষষ্ঠ এক ব্যক্তিকে, যিনি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক, লন্ডন থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম পুলিশ। শনিবার নিশ্চিত করা হয়েছে, তাঁকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে গত ২৭ সেপ্টেম্বরের একটি বড় ধরনের ঘটনার পর এটি ঘটল, যখন বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দেখে পুলিশকে সতর্ক করা হয়েছিল। প্রাথমিকভাবে, কিছু যানবাহন মার্কিন বিমানবাহিনী (ইউএসএফ) পরিচালিত ঘাঁটির দিকে যাচ্ছিল এমন খবর পাওয়ার পর ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচজনকে ভোরের দিকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন ওই পাঁচ ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প মন্তব্য করেছেন, ওই ব্যক্তিদের সম্পর্কে সব তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে এবং তিনি হলে তাদের মুক্তি দিতেন না। তবে একই সঙ্গে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে সমন্বয়ের প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ষড়যন্ত্রের পেছনে কোনো বিদেশি শক্তির হাত থাকার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিরা ‘বড় ধরনের ক্ষয়ক্ষতির’ পরিকল্পনা করেছিল।
আরএএফ ফেয়ারফোর্ড কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনীর অগ্রবর্তী পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য সরকার। এর আগেও গত জুলাই মাসে ইরান সতর্ক করে বলেছিল, তাদের ভূখণ্ডের ওপর আগ্রাসনে ব্যবহৃত যেকোনো ঘাঁটি তাদের বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানে মার্কিন হামলার কাজে এসব বিমান ব্যবহার করা হচ্ছিল।
যুক্তরাজ্য থেকে পরিচালিত বি-১ বোমারু বিমানগুলো মূলত বাঙ্কার বিধ্বংসী বোমা এবং আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। ইরান বা অন্যান্য লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনার ক্ষেত্রে এই বিমানগুলোর যাতায়াতসহ ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগত এবং মাঝপথে আকাশেই জ্বালানি সংগ্রহের প্রয়োজন পড়ত। পেন্টাগন অবশ্য জানিয়েছে, তাদের বোমারু বিমানগুলো যেকোনো স্থান থেকে মিশন পরিচালনায় সক্ষম এবং প্রয়োজনে মূল ভূখণ্ড থেকেও একই অপারেশন চালানো যাবে। বিবিসির তথ্যমতে, এটি মূলত একটি সামরিক সিদ্ধান্ত, যা মার্কিন বাহিনী তাদের ব্রিটিশ সহকর্মীদের জানিয়ে দিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিবিসিকে সূত্রটি আরও জানিয়েছে, এটি রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে বরং সামরিক সিদ্ধান্ত ছিল।