রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন থেকে হামলায় জড়িতদের ছাত্রত্ব বাতিল এবং যারা পড়াশোনা শেষ করেছেন তাদের সনদ বাতিলের জোরালো দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। ক্যাম্পাসে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
রাবি প্রেসক্লাবের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুল ইসলাম ধ্রুব ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার আগে দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে হলের প্রক্টরের কাছে দেড় ঘণ্টা অপেক্ষা করেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
অধ্যাপক আ. আল মামুন বলেন, জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে এমন অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কাম্য ছিল না। সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেন। নতুন বাংলাদেশে তাদের কাজের স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে তা দেশের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার কথা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত হতে হয়েছে, যা শিক্ষার পরিবেশের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের আয়না। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহতের আহ্বান জানান তিনি।