ফ্যামিলি কার্ড প্রবর্তনের ফলে সমাজে তালাকের হার কমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শনিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে এই কার্ড প্রদান করে তাদের সামাজিকভাবে শক্তিশালী করেছেন। এখন সাংসারিক প্রয়োজনে স্বামীকে স্ত্রীর ওপর নির্ভরশীল হতে হচ্ছে, যা পরিবারগুলোকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করছে। চিফ হুইপ সরকারি এই উদ্যোগটিকে ইতিবাচক উল্লেখ করে গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের ভালো কাজের প্রচারণা চালানোর আহ্বান জানান। সরকারের এ ধরনের ভালো কাজগুলো বারবার একটু মনে করিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। চিফ হুইপ আরও বলেন, ‘এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেওয়া হয়, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে নূরুল ইসলাম বলেন, ভারতের আদানির কোম্পানির সঙ্গে যে চুক্তি করা হয়েছিল, সেই পরিমাণ অর্থের বিনিময়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্ভব ছিল। এছাড়া তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বর্তমানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে দেশ চলছে। তার দাবি অনুযায়ী, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেনি। সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভার বাইরে বেলা ১টার দিকে নূরুল ইসলাম বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। সেখানে তিনি হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। একই দিনে তিনি পৌর এলাকার কড়ইতলা খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন অভিযোগ ও বিড়ম্বনার কথাও আলোচনায় উঠে এসেছে। এ সময় তিনি হাসপাতালের জনবলসংকট নিরসনের প্রতিশ্রুতি দেন।