গাজীপুর মহানগরকে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। তিনি বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। মাদক, সন্ত্রাস ও অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সাংবাদিকেরা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক কারবার, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট ও শিল্পাঞ্চলের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং পুলিশ-সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সাংবাদিকেরা বলেন, গাজীপুর দেশের অন্যতম শিল্পাঞ্চল ও অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে লাখ লাখ শ্রমিক, ব্যবসায়ী ও চাকরিজীবী বসবাস করেন। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কর্মসংস্থানের জন্য এ নগরীতে আসছেন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।মহানগরের বিভিন্ন এলাকায় মাদক কারবারকে বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সাংবাদিকেরা মাদকের উৎস, সরবরাহকারী, মূল কারবারি ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কিশোর গ্যাং ও অপরাধী চক্রের পেছনে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।ছিনতাই, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, শিল্পকারখানাসংলগ্ন এলাকা ও নির্জন স্থানে নিয়মিত পুলিশি টহল বাড়ানোর পরামর্শ দেন সাংবাদিকেরা। রাতে কর্মস্থল থেকে ফেরা শ্রমিক, নারী, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও বলেন তাঁরা।
এ ছাড়া পরিবহন খাত, ফুটপাত ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং থানায় অভিযোগ গ্রহণ, সাধারণ ডায়েরি ও মামলা করার ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকেরা।সভায় পুলিশ ও সাংবাদিকদের সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। সাংবাদিকেরা বলেন, তাঁরা পুলিশের প্রতিপক্ষ নন; বরং অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী। কোনো ঘটনা ঘটার পর সঠিক তথ্যের অভাবে যাতে বিভ্রান্তি বা গুজব না ছড়ায়, সে জন্য জিএমপির পক্ষ থেকে দ্রুত ও নিয়মিত তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার প্রস্তাব দেন তাঁরা।উল্লেখ্য, গত ৮ নভেম্বর জিএমপির নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা রেঞ্জসহ বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরেও দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পিপিএম পদক।