মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বৃটেনসহ মোট ১৪টি দেশ। সোমবার ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজে-এর সিদ্ধান্তকে সমর্থন জানানোর পাশাপাশি মিয়ানমারকে তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া। পররাষ্ট্রমন্ত্রীদের মতে, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং আদালতের রায় দেশটির জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলার জন্য দেশটির প্রতি আহ্বান জানানো হচ্ছে।
পৃথকভাবে একটি আনুষ্ঠানিক ঘোষণায় বৃটেন জানিয়েছে, তারা রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নিপীড়নের বিষয়টি জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দ এবং তাদের বৃটেনে প্রবেশের ওপর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। এছাড়া মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।
মানবিক সহায়তার অংশ হিসেবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য বিপন্ন জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবার মানোন্নয়নে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বৃটেন। এই তহবিল থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। পাশাপাশি, মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করার ঘোষণা দিয়েছে লন্ডন।
উল্লেখ্য, গত ১৯শে নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে জানায় যে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রকে গণহত্যায় দোষী সাব্যস্ত করার এমন ঘটনা এটাই প্রথম। মিয়ানমার সরকার অবশ্য এই রায়কে অন্যায্য ও বড় ধরনের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। একই সঙ্গে একে ‘বড় ধরনের হতাশা’ বলে উল্লেখ করেছে তারা।
রায় ঘোষণার পরপরই বৃটেন মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের মতো কঠোর অবস্থান নিয়েছিল। বর্তমানের এই নতুন নিষেধাজ্ঞা ও গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে দেশটির জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বহুগুণ বৃদ্ধি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।