আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি ছুটির তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে নতুন ছুটির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরের দিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার আরও একটি নির্বাহী ছুটির দিন যুক্ত করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকুরিজীবীরা টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন। তবে এই ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
একই সভায় সরকার প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই দিনটিকে সরকারি পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে মর্যাদা দিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।