গাজীপুরের সাফারি পার্কে যুক্ত হলো নতুন তিন বাঘ। প্রাণী বিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি আনা হয়েছে। এর বিপরীতে গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা দেওয়া হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এরই মধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থাপনায় বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। নতুন আসা বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। বাঘ তিনটির বয়স তুলনামূলক কম। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আপাতত তাদের আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের চুক্তি অনুযায়ী গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হচ্ছে। গত বুধবার তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি পর্যায়ক্রমে দেওয়া হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে আনা বাঘ তিনটি কয়েক দিন আলাদা বেষ্টনীতে পর্যবেক্ষণে রাখা হবে। পরে পার্কের নির্ধারিত বেষ্টনীতে স্থানান্তর করে দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়া হবে। সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, বাঘ তিনটির শারীরিক অবস্থা ভালো। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বয়স কম হওয়ায় ভবিষ্যতে প্রজননের মাধ্যমে বংশবিস্তারের সম্ভাবনাও রয়েছে।পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, বাঘ তিনটি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের আলাদা রাখা হয়েছে। বাঘের সংখ্যা বাড়ায় পার্কে আসা দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ তৈরি হবে।নতুন তিনটি বাঘ যুক্ত হওয়ায় সাফারি পার্কে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।