1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল ছয় জেব্রা দিয়ে তিন বাঘ, গাজীপুর সাফারি পার্কে বাড়ল বাঘের সংখ্যা দিনভর উড়ে বেড়ায়, সন্ধ্যায় ফেরে জসিমের মাছের দোকানে বক জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূনভক্তদের ঢল, ফুলে ফুলে শ্রদ্ধা জনতার ভয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে রইলেন ট্রান্সফরমার চুরিতে অভিযুক্ত ব্যক্তি, উদ্ধার করল ফায়ার সার্ভিস শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২ হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে পরিচ্ছন্নতার ব্যস্ততা স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে শ্রীপুরে শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূনভক্তদের ঢল, ফুলে ফুলে শ্রদ্ধা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কেউ এসেছেন প্রিয় লেখকের সমাধিতে ফুল দিতে, কেউ গাইছেন তাঁর লেখা গান, আবার কেউ স্মৃতিচারণা করছেন প্রিয় কথাসাহিত্যিককে নিয়ে। লেখক, পাঠক ও ভক্তদের পদচারণায় শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই মুখর গাজীপুরের নুহাশ পল্লী। নানা আয়োজনের মধ্য দিয়ে সেখানে স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে। আজ ১৩ নভেম্বর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মদিন।সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ একা, কেউ পরিবার নিয়ে, আবার কেউ দলবেঁধে এসেছেন প্রিয় লেখককে স্মরণ করতে। হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে নুহাশ পল্লীর পরিবেশ।সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।হুমায়ূন আহমেদের ভক্ত মুক্তা সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের মুগ্ধ করে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’পাঠক নাসির উদ্দিন বলেন, ‘তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও স্মৃতি রয়ে গেছে। তাঁর অনেক বই পড়েছি। তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়েই তিনি প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবেন।’নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘নুহাশ পল্লী শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি একজন অসাধারণ সাহিত্যিকের স্মৃতিবিজড়িত স্থান। স্যারের মৃত্যুর পরও মানুষের হৃদয়ে তাঁর অবস্থান কতটা গভীর, তা এখানে আসা দর্শনার্থীদের উপস্থিতি দেখলেই বোঝা যায়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অসংখ্য মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে আমরা সব সময় চেষ্টা করি।’তিনি আরও বলেন, বছরের বিশেষ দিনগুলোতে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেড়ে যায়।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে সাহিত্যাঙ্গনে পরিচিতি এনে দেয়। এরপর উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্রে একের পর এক জনপ্রিয় সৃষ্টি উপহার দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নিজস্ব জায়গা তৈরি করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘হিমু’ ও ‘মিসির আলি’ সিরিজ। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননা।২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গাজীপুরের নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর জন্মদিনে ভক্তদের এই উপস্থিতি প্রমাণ করে, পাঠকের হৃদয়ে এখনো কতটা জীবন্ত তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun