শিক্ষকতা পেশায় অনন্য অবদানের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে এদিন সকালে শহরজুড়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান। বক্তারা শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।